ছাত্রলীগকে দুষলেন শিক্ষক নেতারা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নামধারী নেতারা জাতির কলঙ্ক। এসব ছাত্রনেতার চাঁদাবাজি, অন্যায় আবদার ও নানা অপকর্মের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
দিনাজপুর প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের নেতারা এসব কথা বলেন।
গতকাল প্রথম আলোতে ‘হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চার ঘণ্টা অবরুদ্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জের ধরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম। দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগের কয়েক শ কর্মী প্রথম আলোর বিরুদ্ধে কুৎসাপূর্ণ স্লোগান দেন ও পত্রিকার কিছু কপিতে আগুন দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক বলরাম রায়। লিখিত বক্তব্যে বলা হয়, উপাচার্য রুহুল আমিনের নেতৃত্বে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে। ঠিক তখন ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্র সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে অশালীন, মানহানিকর ও মিথ্যা বক্তব্য দিয়ে তাঁর পদত্যাগ দাবি করছেন।