চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় কলেজের বাণিজ্য ভবনের সামনে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে ৫ আগস্ট মহসিন কলেজ ক্যাম্পাসে এ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেদিন আটজন আহত হন। গতকালের হামলার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। হামলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আনোয়ার আজিম, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের এম ইউ সোহেল ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী আকমাম বাপ্পী। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের মধ্যে প্রথম দুজন মহিউদ্দিনের অনুসারী।
হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মোস্তাফিজ প্রথম আলোকে বলেন, আজিম ও বাপ্পীর পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের অস্ত্রোপচার লাগবে। আর সোহেলের বাঁ হাত কেটে গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
এ নিয়ে গত ৪৮ দিনের মধ্যে হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও পাশের চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মধ্যে পাঁচবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় আহত হন অন্তত ১৮ জন। এর আগে গত ১১ ও ১২ জুলাই চট্টগ্রাম কলেজে মেয়র নাছিরের অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ১২ জুলাই সংঘর্ষের সময় এক যুবককে অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। সেই যুবকের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ছাড়া ১৯ আগস্ট চট্টগ্রাম কলেজে মহিউদ্দিন চৌধুরী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন।
হামলার জন্য মেয়র আ জ ম নাছিরের অনুসারীদের দায়ী করেছেন কলেজ শাখা ছাত্রলীগের নেতা মায়মুন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, আজিম ও সোহেল বাণিজ্য অনুষদ ভবনের সামনে জুনিয়র কর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তখন মেয়র নাছিরের অনুসারীরা কলেজের পেছনের গেট দিয়ে প্রবেশ করেন। তাঁরা এসেই আজিমকে ছুরিকাঘাত করেন। তাঁকে রক্ষা করতে গেলে সোহেলও আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যান।
তবে এই অভিযোগ অস্বীকার করে হামলার জন্য মহিউদ্দিনের অনুসারীদের দায়ী করেছেন মেয়র নাছিরের অনুসারী এনাম হোসেন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, আকমামসহ তাঁরা তিনজন বাণিজ্য অনুষদের সামনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রদের সঙ্গে কথা বলছিলেন। মহিউদ্দিনের অনুসারীরা এসে প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন হঠাৎ করে একজন আকমামের পেটে ছুরিকাঘাত করেন।
এদিকে আহত তিনজনকে দেখতে গিয়ে গতকাল দুপুরে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। নিরাপাত্তার জন্য পরে ওয়ার্ডের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।