ছাত্রলীগের অন্য পক্ষের পাল্টা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের এক পক্ষের করা অভিযোগের পাল্টা জবাব দিয়ে এবার সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি পক্ষ।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন করে তাঁরা। এতে ছাত্রলীগের অন্য অংশের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এর আগে গত শনিবার নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিল আরেকটি পক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের কর্মী শুভাগত বড়ুয়া বলেন, ছাত্রলীগ নামধারী সাবেক সহসভাপতি অমিত কুমার বসু, শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনসহ কিছু দুষ্কৃতকারী বিভিন্ন সময়ে ছাত্রলীগের সম্মান ক্ষুণ্ণ করার নেশায় মত্ত রয়েছে। এই ছাত্রলীগ নামধারীরা সংবাদ সম্মেলন করে বিজ্ঞপ্তি পাঠিয়ে সাংবাদিকদের বিভিন্ন ধরনের ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য দিচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী এবং প্রশাসনকে ঘিরে নানা ধরনের ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।
ছাত্রলীগের এই পক্ষটি সরাসরি শিবিরের সঙ্গে জড়িত উল্লেখ করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, অমিত কুমার বসু, শাহাদাত হোসেন, সুমন মামুনকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ক্যাম্পাসে অবস্থানরত শিবিরের ক্যাডারদের গ্রেপ্তার, ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়া, শিক্ষকদের ওপর হামলায় জড়িত শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ মোট ছয় দফা দাবি দেওয়া হয়। ২৮ অক্টোবরের মধ্যে এসব দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে না নিলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা–কর্মীরা।