ছাত্রলীগের অবরোধের মুখে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ বন্ধ রাখার দাবিতে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যকে আজ বৃহস্পতিবার তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। পরে নিয়োগ বোর্ডের সভা স্থগিতের ঘোষণা দিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন ভারপ্রাপ্ত উপাচার্য।

প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে একজন শিক্ষক নিয়োগের জন্য আজ বৃহস্পতিবার সকালে বাছাই বোর্ডের সভা ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই বন্ধ ক্যাম্পাসে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা না করার দাবিতে সকাল নয়টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস তাঁর কার্যালয়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। পরে দুপুর ১২টার দিকে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা স্থগিতের ঘোষণা দিলে অবরোধ প্রত্যাহার করে ছাত্রলীগ।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবু সাঈদ আকন্দ ও সহসভাপতি অঞ্জন রায় প্রায় অভিন্ন সুরে প্রথম আলোকে অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় একটি নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা তাঁদের কাছে কখনই স্বচ্ছতার পরিচায়ক নয়। ছাত্রলীগ সব সময়ই এ রকম অন্যায়ের বিরুদ্ধে ছিল ও ভবিষ্যতেও থাকবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বামপন্থী শিক্ষকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ও বিএনপি-জামায়াতপন্থী হিসেবে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ থেকেও এ নিয়োগের বিরোধিতা করে বিবৃতি ও স্মারকলিপি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। বোর্ডের তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।
শিক্ষকদের দুটি ফোরাম ও ছাত্রলীগের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বন্ধ ক্যাম্পাসে নিয়োগ বোর্ডের সভা করা কোন অনিয়ম নয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া গত ২৪ এপ্রিল কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দিয়ে দুই মাসের ছুটিতে যান। তবে এক মাসেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব চালিয়ে যেতে কোনো ধরনের চিঠি দেননি। উপাচার্য ছুটিতে যাওয়ার এক মাস পর আচার্য গত ২৬ মে ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব চালিয়ে যাওয়ার আদেশ দেন। দায়িত্ব পাওয়ার পর দিনই তিনি সমাজবিজ্ঞান বিভাগের একটি বিজ্ঞাপিত প্রভাষক পদের শিক্ষক নিয়োগের বাছাই বোর্ডের সভা ৪ জুন নির্ধারণ করেন। ২৯ মে থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। এদিকে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আবদুল গণির বিভাগীয় প্রধানের মেয়াদ ৫ জুন শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার আগের দিন বাছাই বোর্ডের সভা আহ্বান করার বিষয়টিকে ‘সন্দেহজনক’ ও ‘দুরভিসন্ধিমূলক’ বলে আখ্যায়িত করে শিক্ষকদের ওই দুই ফোরাম আলাদাভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে বিবৃতি দেয়।
বন্ধ ক্যাম্পাসে বাছাই বোর্ড না করে বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় স্বাভাবিক প্রক্রিয়ায় বোর্ড করার আহ্বান জানান ওই দুই ফোরামের শিক্ষকেরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে সমালোচনার ঝড় উঠে। পরে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরাও এ নিয়োগ বন্ধ করার দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে অবরুদ্ধ করেন।