ছাত্রলীগের আটজন হল থেকে বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মুক্তাদির শাওনের ওপর হামলার ঘটনায় সংগঠনটির আট কর্মীকে বিভিন্ন মেয়াদে আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় আবাসিক হলগুলোতে বহিষ্কারের বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শাওনের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফারহান আরিফকে শিক্ষাকার্যক্রম থেকে এক বছরের জন্য এবং আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রিশাদ হোসেন, সুষ্ময় বড়ুয়া এবং তেল ও খনি কৌশল বিভাগের সৈকত দত্তকে শিক্ষাকার্যক্রম থেকে ছয় মাসের জন্য এবং আবাসিক হল থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁরা সবাই শেষ বর্ষের শিক্ষার্থী।
এদিকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের সিরাজুল ইসলাম, স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের কাওসার হালিম ও বিপ্র বিকাশ মণ্ডল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুনজিল হাসানকে এক বছরের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মুক্তাদির শাওন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে ক্লাস বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। তাঁদের আন্দোলনের মুখে ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত স্নাতক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।