ছাত্রলীগের আটজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে আদিবাসী এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগের আটজন নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার বিকেলে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে যৌন নিপীড়নের বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দর্শন বিভাগের সম্মেলনকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হয়। পরে কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বিশেষ ক্ষমতাবলে আটজনকে সাময়িক বহিষ্কার করেন। গতকাল এর অফিস আদেশ জারি করা হয়। তবে সাময়িক বহিষ্কৃতদের নাম প্রকাশ করা হয়নি। উপাচার্য বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আটজন এবং অভিযোগকারীর নাম প্রকাশ না করার নির্দেশ রয়েছে। তাই নাম প্রকাশ করা হচ্ছে না। তবে খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত পাঁচ নেতা-কর্মীসহ আরও তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন জীববিজ্ঞান অনুষদের এক আদিবাসী ছাত্রী। দিনব্যাপী ছাত্রলীগের সমঝোতা চেষ্টার পর বুধবার রাতে এ ঘটনা শিক্ষার্থীদের নজরে আসে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। ওই দিনই উপাচার্য লিখিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের কাছে হস্তান্তর করেন। এই সেলের প্রধান রাশেদা আখতার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা একটি সভা করার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব।’
এদিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ যৌন নিপীড়নের বিচারের দাবিতে আজ শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে। একই সঙ্গে নিপীড়নকারীদের আজীবন বহিষ্কার, ফৌজদারি মামলা দায়ের, নিপীড়িত ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
হল থেকে বের করে দেওয়া হয়েছে: শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিপীড়নের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নিশাত ইমতিয়াজ ওরফে বিজয় ও নাফিজ ইমতিয়াজ এবং কর্মী আবদুর রহমান ইফতি, নুরুল কবির ও রাকীব হাসাকে গতকাল হল থেকে বের করে দিয়েছেন হলের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, ‘ওদের হল থেকে বের করে দেওয়া হয়নি। অপমানিত হয়ে ওরাই বের হয়ে গেছে।’