ছাত্রলীগের আটজনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জয়পুরহাটে ছাত্রলীগের আট নেতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এঁদের মধ্যে তিনজনের সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত এবং তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
অপর পাঁচজনের সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করে তাঁদের দলের সাংগঠনিক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার জেলা ছাত্রলীগের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
যাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য অপু ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সদস্য মিলন হোসেন। সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, জয়পুরহাট জুবিলি হল শাখার আহ্বায়ক আবু তাহের, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম ও সদস্য মোমিনুল ইসলাম।
গতকাল জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন। এতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে ছাত্রলীগের ওই আট নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
গত ১২ আগস্ট দৈনিক করতোয়া ও দেশ টিভির জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখকে জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় এলাকায় নিজ বাড়ির সামনে লাঞ্ছিত করে তাঁকে অপহরণ করার চেষ্টা এবং ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় পরদিন জয়পুরহাট সদর থানায় ছাত্রলীগের ওই আট নেতার বিরুদ্ধে ফাররোখ বাদী হয়ে মামলা দায়ের করেন। এর ২৪ দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।