দেশ টেলিভিশন ও দৈনিক করতোয়ার জয়পুরহাট জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখকে (৬০) অপহরণ এবং হত্যাচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের আট নেতা-কর্মীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক মোস্তাকিম ফাররোখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সদস্য অপু; জয়পুরহাট সরকারি কলেজের জুবিলি হল শাখার আহ্বায়ক আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মিলন ও রাকিব; জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফিজু, ছাত্রলীগ কর্মী আবদুল মোমিন এবং পৌর ছাত্রলীগের নতুনহাট শাখার যুগ্ম আহ্বায়ক সাগর।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকেরা এক জরুরি সভা করেন। প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সাংবাদিকেরা মোস্তাকিম ফাররোখের ওপর হামলা এবং তাঁকে অপহরণচেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকেরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারসহ বহিষ্কারের দাবি জানান।
এ বিষয়ে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজিজার রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবারের (আজ) মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় এলাকায় রাত আটটার দিকে সাংবাদিক মোস্তাকিম ফাররোখের বাসার সামনে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী দাঁড়িয়ে দীর্ঘ সময় আড্ডা দিচ্ছিলেন। আড্ডায় তাঁরা জোরে জোরে অশ্লীল মন্তব্য করছিলেন। এ সময় মোস্তাকিম নিজ বাসা থেকে বের হয়ে তাঁদের অশ্লীল কথা বলতে বারণ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সেখান থেকে তাঁদের চলেও যেতে বলেন। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে মোস্তাকিম ফাররোখকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। একপর্যায়ে তাঁরা বাসার পাশের সানন্দা হোটেলের সামনে থেকে তাঁকে অপহরণ, তাঁর ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও স্বজনেরা এগিয়ে আসলে ছাত্রলীগ নেতা-কর্মীরা চলে যান।
জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।