ছাত্রলীগের আরেক নেতার বাড়িতে হামলার অভিযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতা তায়ফুল হকের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গতকাল শনিবার রাতে তাঁর ওপর হামলার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আবু বকর তোহার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। তাঁর মা-বাবাকেও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাজমুল মনির আজ রোববার বলেন, তায়ফুলের মাথায় গুরুতর আঘাত আছে। তাঁর মাথার সিটি স্ক্যান করতে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক আবু বকর তোহার বাসায় হামলা হয়। প্রত্যক্ষদর্শী ওই শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবু বকরের বাসায় ঢোকে। আবু বকরকে না পেয়ে তাঁর মা-বাবাকে মারধর করে তারা। তাঁরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মজিবুর রহমানের ভাষ্য, আবু বকরের বাসায় তিনি হামলার ঘটনা শুনেছেন। কিন্তু এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি।
ওসি মজিবুর আরও জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তায়ফুলের ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তল্লাশি চলছে।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে মুখোশধারী ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তায়ফুল হককে কুপিয়ে জখম করে।
এ ঘটনার জন্য ছাত্রলীগের দুই নেতাকে দায়ী করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত করতে দিয়াজ ইরফান (কেন্দ্রীয় সহসম্পাদক) ও মো. মামুনের (বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি) নেতৃত্বে ছাত্রলীগের সহসভাপতির ওপর হামলা হয়েছে। এ ঘটনার কঠোর শাস্তি চাই।’
অভিযোগের বিষয়ে মো. মামুন বলেন, ‘এ ঘটনার আমি কিছুই জানি না। দিয়াজ ইরফান বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে যুক্ত নন।’