ছাত্রলীগের আহ্বায়কের নেতৃত্বে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ও লোকপ্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুর রহমান মাসুমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বই কেনার দরপত্র ছিনতাই ও দরপত্রের বাক্স লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রন্থাগার দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দরপত্র বাতিল করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন্য ১২ লাখ টাকার বই কেনার দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা। এর এক ঘণ্টা আগে মাহমুদুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সালমানপুর এলাকার কয়েকজন লোক প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় গ্রন্থাগার দপ্তরের সামনে যান। তাঁরা সেখানে রাখা দরপত্রের বাক্স নিচতলায় নিয়ে আসেন। এরপর ওই বাক্সে থাকা দুটি দরপত্র নিয়ে বাক্সটি নিচতলায় ফেলে রেখে চলে যান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ছিনতাই হওয়া দরপত্র দুটি উদ্ধার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দরপত্র বাতিল করেন।
জানতে চাইলে প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘বাক্স খুলে দুটি দরপত্র নিয়ে যাওয়া হয়। এগুলোয় ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার ব্যাংক ড্রাফট ছিল। ছাত্রনেতাদের খবর দিয়ে এনে ছিনতাই হওয়া দরপত্র ফেরত নেওয়া হয়। বিকেলে বৈঠক করে উপাচার্য ওই দরপত্র বাতিল করে দেন।’
অভিযোগ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ‘এলাকার মুরব্বিরা সেখানে গিয়েছেন। আমি টেন্ডার (দরপত্র) বাক্স ছিনতাই করিনি। সেখানে দাঁড়িয়ে ছিলাম।’ মুরব্বি কারা—এ প্রশ্নের জবাবে তিনি জানান, সালমানপুর এলাকার বাসিন্দা তাঁরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে উপাচার্যের সঙ্গে কথা বলে দরপত্র বাতিল করা হয়।