গত শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার জিল্লুর রহিম কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন ছাত্রলীগের এক কর্মী। খবর শুনে ওই ছাত্রীর ভাই কলেজে এসে এ ঘটনার প্রতিবাদ করেন। এ সময় তাঁর ওপর হামলা চালান ছাত্রলীগের দুই নেতাসহ আরও কয়েকজন। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ গতকাল রোববার বৈঠক ডাকে। এই বৈঠক ভন্ডুল করে দিতে বহিরাগত যুবকেরা দুপুরে কলেজে ভাঙচুর চালায়।
অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের ইন্ধনে এই হামলা হয়েছে। বহিরাগত যুবকেরা কলেজের বিভিন্ন কক্ষের দরজা, জানালা ভাঙচুর ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কলেজ সূত্র জানায়, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে শনিবার উক্ত্যক্ত করে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী নাইমুল ইসলাম। এ ঘটনার খবর শুনে ওই ছাত্রীর ভাই মো. মিরাজ কলেজে এসে এর প্রতিবাদ করেন। এ সময় নাইমুলের সহযোগী ও মান্দারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শেখ রাসেল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেবসহ কয়েকজন মিরাজকে মারধর করেন।
কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা বলেন, শনিবার ছাত্রী উত্ত্যক্তের ঘটনা ও রোববার কলেজে হামলা, ভাঙচুর এবং তালা দেওয়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া কলেজ চলাকালীন নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহিম বলেন, কলেজে হামলার ঘটনা খুবই দুঃখজনক। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, কলেজে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
ছাত্রীকে উত্ত্যক্ত ও কলেজে হামলার বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিল্লুর রহিম কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার খবর তিনি শুনেছেন। কলেজে কারা হামলা চালিয়েছে, তা জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোনের সংযোগ কেটে দেন।