কমিটি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ইফতার মাহফিলে হামলা চালিয়েছে সংগঠনের একটি পক্ষ। এতে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জ উচ্চবিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
সংগঠন সূত্র জানায়, কয়েক দিন আগে রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ৫১ সদস্যের কমিটির অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। ওই কমিটিতে স্থান না পেয়ে ক্ষিপ্ত হয় ছাত্রশিবির থেকে ছাত্রলীগে যোগ দেওয়া মোহাম্মদ আলীসহ দলের একটি পক্ষ। ওই পক্ষের ২০-২৫ জন কর্মী গতকাল রাজগঞ্জ উচ্চবিদ্যালয়ে ইফতার মাহফিল চলাকালে হামলা চালান। তাঁরা এ সময় এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ ঘটনায় পাঁচ ব্যক্তি আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে তাঁরা রাজগঞ্জ বাজারের তিন-চারটি দোকানেও হামলা চালান।
গুলিবিদ্ধ রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সবুজকে (২৪) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল আলম ওরফে সৈকত প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী, রাসেল, ফয়েজসহ ২০-২৫ জন ইফতার মাহফিল চলাকালে অতর্কিতে গুলি ছোড়ে। এতে চার-পাঁচজন গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়। তারা ছাত্রলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসী।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জের ধরে ইফতার মাহফিলে হামলা চালায় একটি পক্ষ। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে দোকানে হামলার সত্যতা পাওয়া যায়নি।