ছাত্রলীগের এক কর্মীকে অন্য কর্মীদের মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন একই সংগঠনের কয়েকজন কর্মী। আবাসিক হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান।
মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের বি-ব্লকের ৪০১ নম্বর কক্ষে থাকেন ছাত্রলীগের কর্মী ও অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র জাভেদ হোসেন। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে তাঁর কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মী ও ৪১তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের সুব্রত কুমার সাহা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অভিজিৎ নন্দী, ৪২তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিহাব উদ্দিন, ৪৩তম ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিফাত আহমেদসহ আট-দশ জন কর্মী। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপসমাজসেবা-বিষয়ক সম্পাদক বশির আহমেদের অনুসারী। মারধরের একপর্যায়ে জাভেদের নাক দিয়ে রক্ত ঝরতে থাকে।
এদিকে জাভেদের চিৎকার শুনে ছাত্রলীগের কর্মী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র রবিউল ইসলামসহ আরও কয়েকজন ঘটনাস্থলে যান। এ সময় মারধর ঠেকানোর চেষ্টা করলে কেউ একজন কাচের বোতল দিয়ে রবিউলের ডান পায়ের ঊরুতে আঘাত করেন। এতে তাঁর সে স্থান কেটে যায়। একপর্যায়ে ছাত্রলীগের অন্য কর্মী ও হলের শিক্ষার্থীরা মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত রবিউল ও জাভেদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যোগাযোগের চেষ্টা করলে অভিজিৎ, সুব্রত, শিহাব কেউ মুঠোফোন ধরেননি। সিফাত বলেন, ‘জাভেদ আগে আমাদের মারধরের চেষ্টা করেছেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। অন্য কোনো কারণ নেই।’
মুঠোফোনে যোগাযোগ করলে জাভেদ বলেন, ‘আমার কোনো দোষ নেই। সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিল। এ সময় নিজেদের পদ-পদবি নিশ্চিত করতে তাঁরা হল থেকে বের করতে আমাকে মারধর করেছেন।’ রবিউল বলেন, তাঁর পায়ে সেলাই দিতে হয়েছে। জানতে চাইলে বশিরুল হক বলেন, ‘আসলে এ ঘটনার কিছুই আমি জানি না।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল (আজ বুধবার) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
হলের আবাসিক শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। আগামীকাল (আজ) হল প্রশাসনের সভায় কমিটি চূড়ান্ত করা হবে।