ছাত্রলীগের এক কর্মীকে আরেক কর্মীর মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে একই সংগঠনের আরেক কর্মী বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মারধরের শিকার ছাত্রলীগের কর্মী। এর পরিপ্রেক্ষিতে গতকাল হলের ওয়ার্ডেন মেহেদী ইকবালকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে হল প্রশাসন সূত্রে জানা গেছে।

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগের কর্মী ও ইতিহাস বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র শামসুল আলম সোমবার রাতে হলের উত্তর পাশের ব্লকের ৪৪৫ নম্বর কক্ষে যান। সেখানে গিয়ে ওই কক্ষের আবাসিক ছাত্র ও ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামকে হল ছেড়ে দিতে বলেন। মুজাহিদুল এতে অস্বীকৃতি জানান। মুজাহিদুল প্রায় বছর খানেক আগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে কথার একপর্যায়ে মুজাহিদুল শামসুলকে বসতে বলে বাইরে চলে যান।

কিছুক্ষণ পর মুজাহিদুল তাঁর বিভাগের বন্ধু শামীম মোল্লাকে সঙ্গে নিয়ে আসেন। শামীম তখন শামসুলের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম শামসুলকে মারধর শুরু করেন। তাঁকে মারতে মারতে হলের চারতলা থেকে তিনতলায় নিজের কক্ষে নিয়ে যান শামীম। সেখানে হকিস্টিক দিয়ে শামসুলকে মারধর করা হয়। এরপর সেখান থেকে তাঁকে নিচতলায় ‘গেস্টরুমে’ আনা হয়। সেখানে তাঁকে আরেক দফা মারধর করেন শামীম।

জানতে চাইলে শামসুল বলেন, ‘আমাকে হকিস্টিক দিয়ে মারধর করেছেন শামীম। পরে গেস্টরুমে নিয়ে আমার গায়ে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন।’

এ বিষয়ে জানতে শামীম ও মুজাহিদুলের মুঠোফোনে কল করা হলেও তাঁরা ধরেননি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ বলেন, ‘এটা হলের অভ্যন্তরীণ সিনিয়র-জুনিয়র সমস্যা। তারপরও এ বিষয়ে আমি খোঁজখবর নেব।’

এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবীর প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।’