ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়েছে অপর পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে মারাত্মক জখম করেছে অপর পক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আহত কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র মুক্তাদির শাওন।
চুয়েটের সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মশিউল ইসলাম বলেন, এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ সামসুল আরেফিনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার কারণে শিক্ষা সমাপনী উৎসবও পিছিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চুয়েটে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও নেতা-কর্মীরা দুটি পক্ষে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সৈয়দ ইমাম বাকের, অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নাহিদ পারভেজ। নাহিদ পারভেজ পক্ষের কর্মী মুক্তাদির।
নাহিদ পারভেজ পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মুক্তাদিরকে বিশ্ববিদ্যালয়ের কুদরাত-এ-খুদা হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে যান ছাত্রলীগের ৮-১০ জন কর্মী। তাঁকে বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে রড ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী উৎসবকে কেন্দ্র করে মুক্তাদির ২৬ ও ২৭ সেপ্টেম্বর রাতে ফেসবুক পাতায় দুটি স্ট্যাটাস দেন। দুটি স্ট্যাটাসে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেন।
নাহিদ পারভেজ বলেন, মুক্তাদির স্ট্যাটাসের জন্য ক্ষমা চেয়েছিলেন এবং তা মুছেও ফেলেছিলেন। এখন যেটি ঘটেছে তা অপ্রত্যাশিত।
মুক্তাদিরকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দ ইমাম বাকের। তিনি দাবি করেন, মারধরের ঘটনায় তাঁর ও তাঁর অনুসারীদের কোনো সংশ্লিষ্টতা নেই।
চুয়েটের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মীর মর্তুজা রেজা বলেন, মুক্তাদিরকে প্রথমে চুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল বুধবার দুপুরে হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।