ছাত্রলীগের এক নেতার মাথা ফাটালেন কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সনেট মাহমুদকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন ওই হলের ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। হামলায় তাঁর কানের লতি ছিঁড়ে যায়। হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। এ সময় তাঁর কক্ষের টেবিল, চেয়ার, জানালার কাচ ভাঙচুর করা হয়।
গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সনেট মাহমুদ বলেন, রাত দেড়টার দিকে তিনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের একদল কর্মী তাঁর কক্ষে ঢুকে ভাঙচুর শুরু করেন। তাঁকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। এরপর তাঁকে ধরে তিনতলা থেকে মারতে মারতে নিচে নামান। সামনের রাস্তায় নিয়ে তাঁকে বেদম মারধর করা হয়।
সনেটের অভিযোগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক উপসম্পাদক ও অর্থনীতি বিভাগের মির্জা মোহাম্মদ আরিফুল ইসলাম, ছাত্রলীগের কর্মী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহমুদ হাসান, সংগীত বিভাগের শাহ আবুল বাশার এবং উর্দু বিভাগের মাহবুব আলমের নেতৃত্বে এই হামলা হয়। এ ছাড়া মারধরের সময় ছাত্রলীগের কর্মীদের মধ্যে হুমায়ুন কবির, আপেল মাহমুদ, ইসমাইল হোসেন, মিজানুর রহমান ও সাইফুল ইসলামকে তিনি চিনতে পেরেছেন। হামলার সময় অন্তত ২৫-৩০ জন ছিলেন।
সনেট মাহমুদের ওপর হামলাকারীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের অনুসারী। জানতে চাইলে জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। তাঁদের তদন্ত অনুযায়ী জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দুবার দুটি ভিন্ন অভিযোগে সনেটকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। সর্বশেষ গত পবিত্র ঈদুল ফিতরের সপ্তাহ খানেক আগে তাঁকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়। অভিযোগ, তিনি ছাত্রদলের এফ রহমান হলের যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলামকে হলে ডেকেছেন। কিন্তু নাঈমুল ইসলাম বলেন, তিনি সনেটের কক্ষে আগে থাকতেন। ওই কক্ষ থেকে তিনি নিজের বই-খাতা নিতে এসেছিলেন। সনেটের সঙ্গে নয় বরং ওই কক্ষের অপর এক বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে তিনি এসেছিলেন।
শনিবার রাতে সনেট অনুমতি নিয়ে হলে ওঠেন। হলে ওঠার পরপরই গভীর রাতে তাঁর কক্ষে হামলা করেন ছাত্রলীগের এক পক্ষের কর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘মারধরের পর আমি নিজে গিয়ে তাঁকে হলে তুলে দিয়ে এসেছি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’