ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সই জাল করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ছাত্রভর্তির চেষ্টা করার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মো. আবু দাউদ এবং আরবি বিভাগের প্রথম বর্ষের মাহমুদুল হাসান। এর মধ্যে দেবাশীষ বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্কুলছাত্রবিষয়ক সম্পাদক। তাঁকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অসদুপায় অবলম্বন করায় তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, গত বুধবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে দুই শিক্ষার্থী ভর্তির জন্য সুপারিশ নিয়ে যান ছাত্রলীগের নেতা দেবাশীষ। ওই সুপারিশে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সই ছিল। বিষয়টি সন্দেহ হলে স্কুলের অধ্যক্ষ খোঁজ নিয়ে জানেন, এ সই নকল। পরে পুলিশে খবর দিয়ে দেবাশীষ এবং দুই ছাত্রের অভিভাবক কাইয়ুম রহমান, মিরাজ আহমেদ ও তাসলিমা ফাতেমাকে ধরিয়ে দেওয়া হয়।