ছাত্রলীগের এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীরা অপর পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে অন্তত ১০ জনকে আহত করেছে। ওই সময়ে অন্তত ৫০টি গুলির শব্দ শোনা যায়। গত রোববার রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ হলে ওই তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন ভুক্তভোগী ছাত্রলীগের নেতা-কর্মীরা। দিনভর পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হয়।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রের বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমানের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ইলিয়াস হোসেনের দীর্ঘদিন থেকে কমিটি নিয়ে বিরোধ চলে আসছে।
রোববার বিকেলে মাহমুদুর রহমানের চাচাতো ভাইয়ের সঙ্গে ইলিয়াস হোসেনের এক অনুসারীর বিশ্ববিদ্যালয় এলাকার মসজিদের কাছে বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে রাত ১২টায় মাহমুদুর রহমান বহিরাগত কিছুসংখ্যক অস্ত্রধারী নিয়ে বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ দত্ত হলে যান। ওই সময়ে তাঁরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তাঁরা লাঠিসোঁটা, দা ও ছেনি নিয়ে হলের ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৩০০১ নম্বর কক্ষে থাকতেন ইলিয়াস হোসেন। তাঁর ওই কক্ষের দরজা ভাঙচুর করে ল্যাপটপ ও কম্পিউটার লুটপাট করেন।
তাঁরা ইলিয়াসের অনুসারীদের ২০০৩, ১০২, ১০৩ ও ১০৪ নম্বর কক্ষেও হামলা করেন। তাঁদের হামলায় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রেজা-ই-এলাহি গুরুতর আহত হন। তাঁকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তানভীর, হলের ছাত্রলীগ কর্মী আকিব, রনি, সুজন ও টিটুসহ অন্তত ১০ জন আহত হন। প্রায় তিন ঘণ্টা ওই তাণ্ডব চালানোর পর গুলি ছুড়ে হল থেকে বেরিয়ে যান মাহমুদুর রহমান ও তাঁর অনুসারীরা। হামলার সময় ইলিয়াস ছাত্রাবাসে ছিলেন না। খবর পেয়ে তিনি হলে ফিরে তাঁর অনুসারীদের নিয়ে মিছিল করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত ইলিয়াসের নেতৃত্বে নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালা দিয়ে রাখেন। পরে তাঁরা তালা খুলে দিয়ে দিনভর ফটকের সামনে অবস্থান নেন।
জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, ‘মাহমুদুর রহমান অছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করছেন। গভীর রাতে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারী বহিরাগতদের নিয়ে তিনি হামলা চালান। এ হামলায় আমার পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ‘গভীর রাতে হলে গিয়ে বাজি ফুটিয়েছি। কোনো ধরনের গুলি করিনি। ইলিয়াস বেশি বাড়াবাড়ি করছে। ও ছাত্রলীগে অনুপ্রবেশকারী। বিশ্ববিদ্যালয় এলাকায় নানা ধরনের অপতৎপরতার সঙ্গে সে জড়িত। ছাত্রলীগে কোন্দল সৃষ্টি করার জন্য ও গ্রুপ তৈরি করেছে। ভাঙচুর, হামলা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
সদর দক্ষিণ মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বদরুল হাসান বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার রাতে আমরা ঘটনাস্থলে গিয়ে কয়েকটি শব্দ শুনেছি। তবে সেটি গুলির শব্দ কি না, জানি না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য তিন হলের প্রভোস্ট, প্রক্টর ও তিনজন জ্যেষ্ঠ শিক্ষককে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিগগিরই উপাচার্য মহোদয়ের কাছে প্রতিবেদন দেবেন।