ছাত্রলীগের এক পক্ষের কর্মীকে আরেক পক্ষের মারধর
পূর্বশত্রুতার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের বিলুপ্ত সাধারণ সম্পাদক পক্ষের এক কর্মীকে পিটিয়েছেন সভাপতি পক্ষের কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে মওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মী ও নৃবিজ্ঞান বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী মঈনুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান। এ সময় ছাত্রলীগের কর্মী ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী আল্লামা ইকবালের নেতৃত্বে সাত থেকে আটজন তাঁকে মারধর করেন। আহত অবস্থায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ছাত্রলীগের কর্মী আল্লামা ইকবালের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।