সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত শনিবার দুপুরে ওই সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের এক পক্ষের কর্মী মাহমুদ হোসেন বাদী হয়ে শনিবার রাতেই বিয়ানীবাজার থানায় মামলা করেন। এতে ছাত্রলীগের অপর পক্ষের ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গতকাল বলেন, পুলিশ এ মামলার আসামিসহ সংঘর্ষে অস্ত্র ব্যবহারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে বায়েজিদ মাহমুদ ও সাজু আহমদ নামে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ সময় গুলির স্প্লিন্টারে আনোয়ার হোসেন নামের একাদশ শ্রেণির এক ছাত্রসহ ছাত্রলীগের দুই পক্ষের আরও সাতজন আহত হন।