চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের তিনজন কর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও শাহজালাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ছাত্ররা হলেন, পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ মঈনুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের নীরব মতি ও জাহাঙ্গীর আলম। এঁদের মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্ররা সবাই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনভিত্তিক বগি সংগঠন ‘একাকার’-এর কর্মী। একাকারের পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি আহসানুল করিম বলেন, মঈনুল ও নীরব বেলা আড়াইটার দিকে স্টেশন চত্বরে বসে ছিলেন। এ সময় ‘সিক্সটিনাইন’ পক্ষের বেশ কিছু কর্মী ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন। পরে তাঁরা শাহজালাল ছাত্রাবাসে গিয়ে জাহাঙ্গীরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন।
তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন সিক্সটিনাইন পক্ষের নেতারা। সিক্সটিনাইন পক্ষের নেতা ও শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন, ‘একাকার পক্ষের কয়েকজন কর্মী আমাদের জুনিয়র কর্মীদের উত্ত্যক্ত করছিল। এর পরই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। আমরা বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আহতদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে আমরা তা তদন্ত করছি। তারপর যথোপযুক্ত ব্যবস্থা নেব।’