ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের তিন নেতা আহত
বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের তিন নেতা আহত হয়েছেন। আগের বিরোধের জের ধরে ওই হামলা চালানো হয়েছে বলে এক পক্ষের নেতারা দাবি করেছেন।
আহতরা হলেন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক কমিটির (সদ্য বিলুপ্ত) সহসভাপতি আরমান সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ শেখ এবং শহর কমিটির সদস্য জাকিরুল ইসলাম। এঁদের মধ্যে আসিফ ও জাকিরুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরমান সরকারকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায় দাবি করেছেন, ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই এবং কেউ জড়িতও নয়। বহিরাগতরা ওই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগকে জড়িয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
আহত আসিফ শেখ বলেন, তাঁরা সরকারি শাহ সুলতান কলেজ ক্যাম্পাসে ক্যারম খেলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন অতর্কিতে তাঁদের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। হামলাকারীরা ছাত্রলীগের একটি পক্ষের দাবি করে আসিফ বলেন, বিভিন্ন সময় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ওই হামলাকারীরা জোর করে মুঠোফোন ও টাকাপয়সা কেড়ে নেয়। এতে বাধা দেওয়ায় কিছুদিন আগে তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জের ধরে তারা এই হামলা করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, শাহ সুলতান কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে কইগাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরীকে ঘটনাস্থলে পাঠানো হয়।