ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে গতকাল সোমবার ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে-কুপিয়ে আহত করেছেন একই সংগঠনের আরেক পক্ষের কর্মীরা। আহত মহসীন বিল্লাহ আলিয়া মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র এবং মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক।
ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, এর আগে গত ২ সেপ্টেম্বর আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগড়ি হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে মধ্যে সংঘর্ষ হয়। তাতে আটজন আহত হন। এর পর থেকেই হলটি বন্ধ ছিল। গতকাল হলটি খোলা হলে এর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মহসীনের ওপর হামলা হয়েছে।
ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান সরকার জানান, আহত মহসীন আল্লামা কাশগড়ি হলের ২৩৬ নম্বর কক্ষের ছাত্র। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হলের সামনের রাস্তায় একা পেয়ে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তিনি বলেন, ২ সেপ্টেম্বর ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাদ্রাসার আল্লামা কাশগড়ি ও শহীদ ইব্রাহিম হল বন্ধ করে দেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বসে হল খুলে দেওয়ার ব্যবস্থা করেন। গতকাল হল খুলে দেওয়া হয়। এরপর ছাত্রলীগের লালবাগ শাখার সাবেক সভাপতি সাগর আহমেদ হল দুটি দখলের চেষ্টা করেন। তা না পেরে মহসীনের ওপর হামলা করেন।
ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন মহসীনও অভিযোগ করেন, ছাত্রলীগের লালবাগ শাখার সাবেক সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সাগর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি এখন আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক হয়েছি। আমার কি আর এখন সেই বয়স আছে। তবে যেহেতু আমি আলিয়া মাদ্রাসা শিবিরমুক্ত করেছি তাই সবাই সেখানে আমার কথা বলে।’ সাগরের দাবি, মাদ্রাসা ছাত্রলীগের দুই পক্ষ মারামারি করে এখন তাঁর ওপরে দায় চাপানোর চেষ্টা করছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কারা, কী কারণে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।