ছাত্রলীগের এক পক্ষের হামলায় আহত ৩
মানিকগঞ্জে গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগারবিষয়ক সম্পাদক আতিকুর রহমান (২৫), কর্মী তাপস বিশ্বাস (২২) ও জুবায়ের হোসেন (২৩)। আতিকুরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের সমর্থক।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এনামুল হকের সমর্থক ছাত্রলীগের কয়েকজন কর্মী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত কুরাইশীর কয়েকজন সমর্থককে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
জুবায়ের হোসেন বলেন, গতকাল সদর উপজেলায় গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তাঁরা তিনজন যান। বেলা একটার দিকে বিদ্যালয়ের সামনে তাঁদের ওপর রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান সিফাতের সমর্থক ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী।