ছাত্রলীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব ছাত্রাবাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালিয়েছে এক পক্ষ। এ ঘটনায় কলেজে উত্তেজনা বিরাজ করছে।
গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কলেজের হাবিবুর রহমান ছাত্রাবাস ও জামিলুর রহমান ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের ওই পক্ষের কর্মী-সমর্থকেরা। গতকাল শনিবার বেলা ১১টায় পদবঞ্চিতরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। নাম প্রকাশ না করার শর্তে সাধারণ ছাত্ররা জানান, সাবেক মেয়র শওকত হোসেনের অনুসারী ছাত্রনেতাদের সভাপতি, সম্পাদক করায় ক্ষিপ্ত হয়েছেন সাদিক আবদুল্লাহ অনুসারী ছাত্রনেতারা। এ কারণে তাঁরা ওই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্রাবাসে হামলা চালান।
পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের পক্ষে অবস্থান নেওয়া অনুপ সরকার বলেন, ‘অবৈধভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। যাঁদের কমিটিতে পদ দেওয়া হয়েছে, তাঁরা মাদকসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত থাকায় ছাত্রলীগের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ছাত্রাবাসে ভাঙচুর করেছেন।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রাবাসের কয়েকটি কক্ষ ভাঙচুর হয়েছে শুনেছি। বিষয়টি দেখার জন্য ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মনিরুজ্জামান শাহীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’