বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিক জহির রায়হানের ওপর হামলার মামলায় প্রধান দুই আসামির (১ ও ২ নম্বর আসামি) উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের ক্লিন ক্যাম্পাস-সেভ ক্যাম্পাস কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়েছে। ওই দুই আসামির পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বেলা ১১টায় জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান রাশেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী, ইমানুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম তারিকুল ইসলাম। আরও বক্তব্য দেন হাসিনুজ্জামান তারেক, শিহাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি নাজমুল আলম গণমাধ্যমে অপপ্রচার বন্ধ করার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়ে বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে অতিরঞ্জিত সংবাদ প্রকাশের কারণে ছাত্রলীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
জেলা ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, সংগঠনের কেন্দীয় ১৮ জন নেতা খাগড়াছড়ি, রাঙামাটি পার্বত্য জেলায় ক্লিন ক্যাম্পাস-সেভ ক্যাম্পাস কর্মসূচি শেষ করে বান্দরবানে এসেছিলেন। ঝিমিয়ে পড়া ছাত্রলীগের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে তাঁদের এ সফর।
এদিকে গত ৬ ডিসেম্বর সাংবাদিক জহির রায়হানের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের আন্দোলনের মুখে পুলিশ মামলা নিতে বাধ্য হলেও প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামিদের গ্রেপ্তার করছে না। ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণকারী কলেজ ছাত্রলীগের সদস্যসচিব আহসানুল আলম (রুমু) ও যুবলীগের সদস্য বাপ্পি মল্লিক ওই হামলার ঘটনায় সরাসরি জড়িত বলে সাংবাদিক জহির রায়হান অভিযোগ করেছেন। আওয়ামী লীগের যে শীর্ষ নেতার সঙ্গে রোহিঙ্গাদের জড়িত থাকার ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়েছে, তাঁরা দুজন সেই নেতার ঘনিষ্ঠ বলেও জহির জানিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, এজাহারে আনীত অভিযোগের সত্যতা আছে কি না, তাঁরা তদন্ত করে দেখছেন। তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে অবশ্যই তাঁদের গ্রেপ্তার করা হবে।