ছাত্রলীগের কর্মী হত্যায় নেতার বিরুদ্ধে মামলা, অবরোধ
বরিশালে ছাত্রলীগের কর্মী হত্যার ঘটনায় হওয়া মামলায় মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনকে আসামি করায় আজ সোমবার সড়ক অবরোধ করেন তাঁর সমর্থক নেতা-কর্মীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।
গত শুক্রবার রাতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ছাত্রলীগের কর্মী রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যার ঘটনায় রেজাউলের পরিবারের করা মামলায় জসিম উদ্দিনকে আসামি করা হয়েছে।
সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে জসিমের অনুসারী নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা সড়কের বরিশাল মহানগরের সাগরদি এলাকায় মানববন্ধন শুরু করে। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নগরের সাগরদি এলাকায় মানববন্ধন চলছে। কিছুক্ষণের মধ্যে মানববন্ধনকারীরা সড়কের রূপাতলী এলাকার পেট্রলপাম্প থেকে আমতলার মোড় বিজয় বিহঙ্গ ছাড়িয়ে প্রায় দেড় কিলোমিটার এলাকা সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। মহাসড়ক অবরোধ করায় দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবদুর রউফ খান প্রথম আলোকে বলেন, নিহত ছাত্রলীগ কর্মী রেজাউল করিমের পরিবার হত্যা মামলা করেছে। সেখানে মহানগর ছাত্রলীগের সভাপতিকে আসামি করা হয়েছে। পুলিশ সেটা তদন্ত করছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ মানববন্ধন করেছে। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে বড় ধরনের সমস্যা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন, ‘আমার রাজনীতিকে কলুষিত করার জন্য ওই হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। এর প্রতিবাদে মহানগর ছাত্রলীগের সাধারণ কর্মীরা মানববন্ধন করেন।’
আরও পড়ুন:
ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা