ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের শাহপরান গেট এলাকায় ছাত্রলীগের একজন কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে ওই স্থানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগ কর্মী পংকি মিয়া। এ সময় মোটরসাইকেলযোগে অজ্ঞাত পরিচয়ের কয়েক ব্যক্তি এসে পংকির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা তাঁর হাত ও পায়ে উপর্যুপরি কোপায়।
দুর্বৃত্তরা হামলা চালিয়ে চলে গেলে পংকিকে উদ্ধার করে স্থানীয়রা সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম বলেন, তিনি শঙ্কামুক্ত বলা যায়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ হামলার কারণ অনুসন্ধানের পাশাপাশি দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
লেগুনাচাপায় আহত: হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাত পৌনে নয়টার দিকে মেজরটিলা এলাকায় সিলেট-তামাবিল সড়কে ছাত্রলীগ মিছিল বের করে। এ সময় সড়কটি দিয়ে আসা একটি লেগুনা মিছিলটি অবরোধ-সমর্থকদের ভেবে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে এর চাপায় তিনজন গুরুতর আহত হন। তাঁদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।