চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাং এ সমাবেশের আয়োজন করে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার বলেন, রোববারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
সমাবেশে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শামসুল হক হায়দরী বলেন, হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আসামিদের ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করেছেন সাংবাদিকেরা। তার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা রক্ষা পেলে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়বে। দুর্বৃত্তদের দমন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক নেতা মোসতাক আহমেদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিচ আহমেদ শাহ্, সহসভাপতি গোলাম মাওলা মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত, লতিফা আনসারী রুনা, সাহেদা প্রিয়া, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাংয়ের সাধারণ সম্পাদক সফিক আহমেদ সাজিব, জয়নাল আবেদীন, মাসুদুল হক প্রমুখ।
গত বুধবার বিকেলে আওয়ামী লীগের পদযাত্রা কর্মসূচির সমাবেশে লালদীঘি মাঠে ছাত্রলীগ কর্মীদের হামলায় আট সাংবাদিক আহত ও লাঞ্ছিত হন। ছাত্রলীগের কর্মীরা ক্যামেরা ভাঙচুর করেন। এ ঘটনায় বুধবার রাতে ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিকেরা।