ছাত্রলীগের কর্মীরা পেটাল বিএনসিসির সদস্যকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির নৌ শাখার এক সদস্যকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ওই বিএনসিসির সদস্যের নাম রাশেদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ছাত্র। তাঁর মাথায় ও কোমরে প্রচণ্ড আঘাত লেগেছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার শেষ দিনে বিএনসিসির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন রাশেদুল। এ সময় ওই ফটক দিয়ে ঢুকতে গেলে ছাত্রলীগের কর্মী ও ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমানের পরিচয়পত্র দেখতে চান রাশেদুল। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাশেদুল কলা অনুষদ ভবনের নিচে এক শিক্ষকের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ফেরার সময় ছাত্রলীগের কর্মী জুবায়ের মাহমুদ, রিয়ন মিয়া, সাজ্জাদ হোসেনসহ আরও কয়েকজন রাশেদুলের ওপর অতর্কিত হামলা চালান। কিল, ঘুষি, লাথির একপর্যায়ে রাশেদুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা অনুষদ ভবন থেকে পালিয়ে যান। পরে ছাত্ররা ঘটনাস্থল থেকে রাশেদুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের এই কর্মীরা তৌহিদুরের বন্ধু। চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক পারভেজ হাসান সাংবাদিকদের বলেন, ‘তাঁর মাথায় ও কোমরে প্রচণ্ড আঘাত লেগেছে। তাঁকে সিটিস্ক্যান করাতে হতে পারে।’
তৌহিদুর বলেন, ‘কথা-কাটাকাটির জের ধরে যে ওরা (বন্ধুরা) এমন ঘটনা ঘটাবে, আমি জানতাম না। পরে শুনেছি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।’ তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতরা ছাত্রলীগের কেউ নয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। উপযুক্ত তথ্য-প্রমাণ পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।