ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করলেন প্রদর্শককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক প্রদর্শককে ছাত্রলীগের কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রদর্শক ইনামুল হক কুমিল্লা শিক্ষা বোর্ডে এসে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানান।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অন্তত তিনজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দেবীদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পৌরনীতি ও জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের ছাত্রলীগের কয়েকজন পরীক্ষার্থী নকল করার ও জীববিজ্ঞান বিষয়ের একাধিক পরীক্ষার্থী আসন পরিবর্তনের চেষ্টা করে। এ সময় ওই কক্ষে দায়িত্বরত পরিদর্শক দেবীদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের পদার্থবিদ্যার প্রদর্শক ইনামুল হক বাধা দেন। এ সময় ওই শিক্ষার্থীরা তাঁকে হুমকি দেন। পরীক্ষা শেষে বেলা দেড়টার দিকে পৌর এলাকার নিউমার্কেট বাসস্ট্যান্ডে ওই শিক্ষক কয়েকজন শিক্ষকের সঙ্গে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে লাঞ্ছিত করে। একপর্যায়ে তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে অন্য শিক্ষকেরাও লাঞ্ছিত হন।
এ ব্যাপারে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের অন্তত তিনজন নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন ধরেননি। তবে দেবীদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ মাসুদ বলেন, ‘নকল করতে না পেরে ওই শিক্ষার্থীরা আমাকেও গালিগালাজ করে। শিক্ষার্থীরা কলেজের পিয়ন আবদুল আলিমকে মারধরও করে।’
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, ‘পরীক্ষায় বেআইনি সুবিধা না পেয়ে যারা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হবে। ওই শিক্ষককে বিষয়টি লিখিতভাবে বোর্ড চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জানাতে বলা হয়েছে।’