ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় করা মামলায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনার পর রাতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান বাদী হয়ে ছাত্রলীগের নেতা দীপংকর, উজ্জ্বল ও দিদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছাত্রলীগের মারধরের শিকার ওই শিক্ষক বলেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতি কাল শনিবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে শিক্ষকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সহকারী অধ্যাপককে মারধর করে কলেজের ছাত্রলীগের নেতারা। মারধরের শিকার ওই শিক্ষকের ভাষ্য, বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দীপংকর টার্ম পেপারে তত্ত্বাবধায়ক শিক্ষকের নাম ভুল লেখায় তিনি গতকাল দুপুরে তাকে বিভাগে এসে ভুল সংশোধন করে যেতে বলেন। কিন্তু দীপংকর বিভাগে না এসে উজ্জ্বল নামের একজনকে দিয়ে ফোন করান। এ সময় উজ্জ্বলসহ দীপংকরকে বিভাগে এসে কথা বলতে বললে, খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর কিছুক্ষণ পর একদল ছেলেকে নিয়ে তাঁরা বিভাগে এসে ওই শিক্ষককে মারধর শুরু করেন। তখন মারধরের শিকার ওই শিক্ষক দৌড়ে বিভাগীয় প্রধানের কক্ষে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা তাঁকে সেখান থেকে টেনেহিঁচড়ে নিয়ে আসার চেষ্টা করে। পরে অন্য শিক্ষকদের বাধার মুখে তিনি রক্ষা পান। পরে ছাত্রলীগের ওই কর্মীরা বিভাগের চেয়ার-টেবিল, আলমারি ভাঙচুর করে।