ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে সংগঠনের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাভার মডেল থানার পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার ঢাকা সোয়েটার নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ কারণে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ ৪০ জনকে আসামি করে বুধবার ডিবির পক্ষ থেকে মামলা করা হয়।
সংঘর্ষের ঘটনার জের ধরে গত শনিবার ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া এক চিঠিতে সাভার উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়। ওই চিঠিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন সংগঠন থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে তাঁকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ওরফে ইমু বলেন, আতিকুর রহমান ঝুট ব্যবসার সঙ্গে জড়িত। ওই ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল।
তবে অভিযোগ অস্বীকার করে আতিকুর রহমান বলেন, ছাত্রলীগের কিছু নেতা দীর্ঘদিন ধরে ঢাকা সোয়েটার থেকে ঝুট ক্রয় করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই নেতারা কারখানার ভেতরে ট্রাকে ঝুট ভরতে গেলে মোশারফ নামের স্থানীয় এক ব্যক্তি তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে এসআই জিল্লুর রহমান সেখানে গিয়ে মোশারফের পক্ষ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর চড়াও হন। উভয় পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে তিনি (জিল্লুর) আহত হন। ওই ঘটনায় তাঁর (আতিকুর) কোনো সংশ্লিষ্টতা ছিল না। এরপরও উদ্দেশ্যমূলকভাবে তাঁকে জড়িয়ে মামলায় আসামি করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।