ছাত্রলীগের কার্যালয়ে যুবলীগের হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ছাত্রলীগের কার্যালয়ে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, কাঁচপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয় নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজের সঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি নাহিদ মিয়ার ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। গত মঙ্গলবার রাতে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে মাহাবুব পারভেজ ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ফারুক ওমরের নেতৃত্বে অর্ধশতাধিক লোক ইউনিয়ন ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। হামলায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক নিলয় হোসেন, কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা হাসান মিয়া, জনি হোসেন, রাব্বি মিয়া, রিপন হোসেন ও মেহেদী হাসান আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত নেতাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ বলেন, যুবলীগের স্থানীয় কিছু নেতা হামলা চালিয়ে ছাত্রলীগের কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রীর ছবিসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের আহত করেছেন। এটা বর্বরতাকে হার মানিয়েছে। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহাবুব পারভেজ ও ফারুক ওমর বলেন, ছাত্রলীগের কার্যালয় ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের সঙ্গে তাঁরা জড়িত নন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’