নোয়াখালীতে ছাত্র–লীগ-সমর্থক দুই পক্ষের বিরোধের জের ধরে এক পক্ষের গুলিতে আহত সংগঠনের নেতা সাইফুল ইসলাম ওরফে ওয়াসিম (২৫) ও কর্মী মো. ইয়াছিন (২৩) গতকাল মঙ্গলবার মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় গুলিবিদ্ধ তিনজনই মারা গেলেন।
গত সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায় ছাত্রলীগ-সমর্থক দুই পক্ষের বিরোধের জের ধরে এক পক্ষের গুলিতে সাইফুল ইসলামের বন্ধু ফজলে রাব্বি ওরফে রাজীব (২২) ঘটনাস্থলে নিহত হন। সে সময় সাইফুল ও মো. ইয়াছিন গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, গতকাল ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাইফুলকে মৃত ঘোষণা করেন। তিনি জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। অন্যদিকে গতকাল রাত সোয়া ১০টার দিকে একই হাসপাতালে মারা যান মো. ইয়াছিন।
সাইফুল ও ইয়াছিনের বাড়ি নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায়।
গুলিবিদ্ধ সাইফুল ও ইয়াছিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ছাত্রলীগ সূত্র জানায়, নোয়াখালী কলেজের ছাত্রলীগের জুনিয়র কর্মীদের মধ্যকার একটি বিরোধের মীমাংসা করতে সংগঠনের নেতা সাইফুল ও কর্মী ইয়াছিন তাঁদের বন্ধু ফজলে রাব্বিকে নিয়ে অনন্তপুর এলাকায় গেলে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়।