জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের বিলুপ্ত কমিটির এক পক্ষের চার কর্মীর ওপর অন্য পক্ষের হামলার ঘটনায় ১৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
হামলায় ছাত্রলীগের আহত এক কর্মীর বাবা বাদী হয়ে গত রোববার রাত একটার দিকে আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে।
গত ২১ আগস্ট ভোরে আধিপাত্য বিস্তার নিয়ে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সভাপতির পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান সাধারণ সম্পাদক পক্ষের নেত-কর্মীরা। এ ঘটনার পর ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বহিষ্কার এবং হল কমিটি বিলুপ্ত করা হয়। এর জের ধরে রোববার বিকেল সাড়ে চারটার দিকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক পক্ষের চার কর্মী মো. আদেল আল নোমান, শান্ত কুমার নাথ, কিশোর দাশ এবং মো. এখতে খায়রুজ্জামানকে মারধর করেন সভাপতির পক্ষের ১২ থেকে ১৩ জন কর্মী। ওই দিন রাতেই ছাত্রলীগের আহত কর্মী মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আদেল আল নোমানের বাবা ফয়জুল কবীর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয়জন নেতা এবং সাতজন কর্মীর নামে মামলা করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। নেতারা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, মোর্শেদুর রহামন আকন্দ, সহসম্পাদক মেহেদী হাসান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সোহেল রানা, উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. দিদার হোসেন এবং মানবসম্পদবিষয়ক উপসম্পাদক এস এম ফিরোজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, এ ঘটনায় ছয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে।