ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদকে কুপিয়ে আহত করার ঘটনায় জেলা ছাত্রলীগের চার নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে জেলা ছাত্রলীগের জরুরি সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সাইফুল ইসলামের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগ নেতা আবুল কালাম আজাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম ও মরতুজা মিথুন, যুগ্ম সম্পাদক ইউসুফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাঁদের আজীবন বহিষ্কার করা হবে না—তা জানতে চেয়ে আগামী সাত দিনের মধ্যে দলীয় সভাপতি ও সম্পাদকের কাছে তাঁদের লিখিত বক্তব্য পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের আদনান গতকাল বৃহস্পতিবার বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় ওই চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সোমবার রাতে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় পরদিন তাঁর বাবা দারুল ইসলাম জেলা ছাত্রলীগের ছয় নেতাকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান, মঞ্জুরুল ইসলাম ও মরতুজা মিথুন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও রেজোয়ানুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক রুহুল আমিন।
এজাহারে বলা হয়, মেহেদি হাসান, মঞ্জুরুল ইসলাম, বেলাল হোসেন ও তাঁদের সহযোগীরা প্রায়ই আবুল কালাম আজাদের ব্যবসাপ্রতিষ্ঠান গোল্ডেন লাইন বাস কাউন্টারে গিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ সোমবার রাত আটটার দিকে আসামিদের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল বাস কাউন্টারে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে আজাদের ওপর হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করা হয়। আহত অবস্থায় তাঁকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে এবং পরে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আদনান বলেন, ‘সেখানে চাঁদা দাবির ঘটনা ঘটেনি। বরগুনা স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার টিকিট নিয়ে উভয় পক্ষের তর্কবিতর্কের জের ধরে ওই ঘটনা ঘটে। এর সঙ্গে যাঁরা জড়িত আমরা তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করেছি।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।