
দিনাজপুর মেডিকেল কলেজে গতকাল মঙ্গলবার কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার ছাত্রকে আটক করেছে।
শিক্ষার্থীরা জানান, কলেজ শাখা ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন মো. মোজাহিদুর হাসান ও কৌশিক দেব। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন আশফাকুর রহমান ও এস এম আসফিকার।
সংগঠনটির নেতা-কর্মীরা জানান, ১৩ নভেম্বর সন্ধ্যায় কলেজের ইউসুফ আলী ছাত্রাবাসে মোজাহিদুরের সমর্থকেরা বেশির ভাগ নেতা-কর্মীদের না জানিয়ে সভা করেন। সভায় মোজাহিদুরকে সভাপতি ও কৌশিক দেবকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি করা হয়। এর দুই দিন পর ১৫ নভেম্বর অপর পক্ষ ক্যাম্পাসে প্রকাশ্যে সাধারণ সভা ডেকে আশফাকুর রহমানকে সভাপতি এবং এস এম আসফিকারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের পাল্টা কমিটি গঠন করে।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মুজাহিদের পক্ষের তৃতীয় বর্ষের ছাত্র হিল্লোল কলেজের একাডেমিক ভবনে ছোরা হাতে নিয়ে আশফাকুরের পক্ষের ছাত্রদের শাসান। এ সময় আশফাকুর রহমানের পক্ষের ছাত্ররা ছোরাসহ হিল্লোলকে আটক করে অধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে মুজাহিদুর ও তাঁর কমিটির সাধারণ সম্পাদক কৌশিক দেবসহ অন্য সদস্যরা হকিস্টিক, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে আসেন। তাঁরা অধ্যক্ষ ও পুলিশের উপস্থিতিতে আশফাকুর রহমানের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। হামলায় ইব্রাহিম, আদনান, সৌরভ ও রাশেদসহ ছয়-সাতজন আহত হন। তাঁদের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১২টায় অধ্যক্ষের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে কলেজ একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অধ্যক্ষ মো. কামরুল আহসান সাংবাদিকদের জানান, তিন মাস ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। ঘটনার তদন্ত করতে
সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে সভা শেষে পুলিশকে সঙ্গে নিয়ে শিক্ষকেরা কলেজের তিনটি ছাত্রাবাসে তল্লাশি চালান। এ সময় পুরোনো ছাত্রাবাসের ২০৬ ও ৪০৫ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
মোজাহিদুর তাঁদের কমিটিকে দিনাজপুর জেলা ছাত্রলীগ অনুমোদন দিয়েছে বলে দাবি করেছেন। অপর কমিটির সভাপতি আশফাকুর রহমান ও সাধারণ সম্পাদক আসফিকার সামস্ বলেন, ‘মোজাহিদুরের নেতৃত্বে যে কমিটির কথা বলা হচ্ছে তা আসলে ভুয়া। কোনো সভাও ডাকা হয়নি।’ তাঁরা বলেন, ওই গ্রুপের সদস্যরা আসলে ছাত্রশিবির ও ছাত্রদল করেন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁরা লেবাস পাল্টে ছাত্রলীগ নাম ধারণ করে মূলত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর মেডিকেল কলেজের একাধিক শিক্ষক প্রথম আলোর কাছে আশফাকুর রহমানের বক্তব্য সঠিক বলে জানিয়েছেন।