নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগের তালা, ভারপ্রাপ্ত উপাচার্য ৭ ঘণ্টা অবরুদ্ধ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা দেওয়া হয়।
এ ঘটনায় প্রায় সাড়ে সাত ঘণ্টা অবরুদ্ধ থাকেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যসহ তাঁর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনার পর তালা খুলে দেন ছাত্রলীগের কর্মীরা। যদিও এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ।
ছাত্রলীগের কর্মীরা জানান, উপাচার্য নিয়োগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি উন্মুক্ত করা, জামায়াত-শিবিরমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা, ওয়াইফাই সুবিধা, হলে পানি ও খাবারের সুব্যবস্থা, পরিবহন সুবিধা, চৌমুহনী চৌরাস্তা পর্যন্ত বাড়নোসহ ১৩ দফা দাবিতে উপাচার্যের দপ্তরে তালা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে ছাত্রলীগের নেতা ও ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ছাত্র আবদুল হামিদ ওরফে বাপ্পির নেতৃত্বে ৩৫-৪০ জন শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তাঁরা উপাচার্যের কক্ষে ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ কয়েকজন শিক্ষক সেখানে গিয়ে ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য ছাত্রদের তালা খুলে দেওয়ার অনুরোধ করেন।
ছাত্রলীগের নেতা আবদুল হামিদ জানান, ১৩ দফা দাবি নিয়ে তাঁরা ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে কথা বলেছেন। লিখিতভাবেও দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করা হয়েছে। দাবি পূরণের বিষয়ে কর্তৃক্ষের কাছ থেকে ইতিবাচক কোনো জবাব পাওয়া যায়নি। এ কারণে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, উপাচার্য নিয়োগ তো ভারপ্রাপ্ত উপাচার্য দিতে পারবেন না, এটি চ্যান্সেলরের দায়িত্ব। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু করতে হলে সবার সঙ্গে আলোচনা করে তা অনুমোদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরুর আগেই ২০ বছরের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়।
ভারপ্রাপ্ত উপাচার্য আবুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, কিছুসংখ্যক শিক্ষার্থী হঠাৎ মিছিল নিয়ে তাঁর কক্ষে তালা দেন। হলে পানি ও খাবারের সংকট, ওয়াইফাই সুবিধাসহ যেসব যৌক্তিক দাবি রয়েছে তা বাস্তাবায়নে এমনিতেই কাজ চলছে। উপাচার্য নিয়োগ ও রাজনীতি উন্মুক্ত করা চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
উপাচার্যের কক্ষে তালা দেওয়ার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়েছে। তাঁরা নিজেরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তাই থানা থেকে সেখানে কাউকে পাঠানো হয়নি।