ছাত্রলীগের তিন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্ট দেখার সময় আসনে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষকের সামনেই গত শনিবার এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের একদল কর্মী। এ ঘটনায় গতকাল সোমবার ছাত্রলীগের তিন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর তপন কুমার সাহা বলেন, তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ তারিখের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পরিসংখ্যান বিভাগের ৩৩তম ব্যাচের এক যুগপূর্তি উপলক্ষে গত শনিবার রাতে মুক্তমঞ্চে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট দেখতে মুক্তমঞ্চের আসনগুলোর প্রথম চারটি সারি পরিসংখ্যান বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য রাখা হয়। কিন্তু দ্বিতীয় সারিতে শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের দুই কর্মী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র শামীম আহমেদ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একই ব্যাচের সাব্বির আহমেদ দ্বিতীয় সারিতে বসেন। এ সময় পরিসংখ্যান বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র আনিস মাহমুদ সেখানে বসতে গেলে শামীম ও সাব্বির তাঁকে বাধা দেন। আনিসের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। পরে একদল কর্মী পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের সামনেই শামীম, সাব্বির ও রসায়ন বিভাগের ৪৩তম ব্যাচের রবিনের নেতৃত্বে একদল কর্মী আনিসকে মারধর করেন।