ছাত্রলীগের তিন নেতা কর্মীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে গতকাল বিকেলে ছাত্রলীগের ওই তিন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে নগরের মতিহার থানায় মামলা দায়ের করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) শিক্ষার্থী এস এম তৌহিদ আল হোসেন, ফিশারিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (মাস্টার্স) শিক্ষার্থী তন্ময় আনন্দ ওরফে অভি ও তাঁর সহপাঠী মামুন-অর-রশিদ। তাঁদের মধ্যে তৌহিদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। প্রকৌশলীকে পেটানোর ঘটনায় গত শুক্রবার তাঁকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তন্ময় আনন্দ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং মামুন ছাত্রলীগের কর্মী।
জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, উপাচার্য তাঁর বিশেষ ক্ষমতাবলে ওই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাঁদের চূড়ান্ত বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে প্রশাসন ভবন-২-এ তালা ঝুলিয়ে ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ ছাড়া প্রধান প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত বৃহস্পতিবার উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন তৌহিদের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। দাবি করা চাঁদা না দেওয়ায় তৌহিদ এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে।