ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।
ছাত্রলীগ নেতারা হলেন: বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক এবং ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এস এম তৌহিদ আল হোসেন, সহসভাপতি ও ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আনন্দ, শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশিদ।
২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মারধর করেন। এ ঘটনায় পরের দিন তৌহিদকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ৩০ আগস্ট তৌহিদ, তন্ময় ও মামুনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ওই ঘটনার পর উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। গত রোববার উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের বৈঠক হয়। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট বৈঠকে এই সুপারিশ অনুমোদনের ব্যাপারে আলোচনা হবে।