ছাত্রলীগের প্রত্যক্ষ পরিকল্পনা ও নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের কক্ষগুলো দখলের চেষ্টা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এর নেতৃত্বে হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার ছাড়াও ১৬ জনকে চিহ্নিত করেছে তদন্ত কমিটি। এঁরা ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত।
বিজয় একাত্তর হলে তাণ্ডবের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত ১৩ মার্চ দিবাগত রাতে ওই হলের বিভিন্ন কক্ষে জোর করে ছাত্রলীগের শিক্ষার্থী তোলা নিয়ে রাতভর তুলকালাম হয়। রাত ১২টা থেকে ভোররাত সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন কক্ষে ছাত্রলীগের কর্মীদের তুলে দেওয়া, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। হলের আবাসিক শিক্ষকদের ধাওয়া দেন ছাত্রলীগের কর্মীরা। প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। মারধর করা হয় এক সাংবাদিককে।
এ ঘটনায় ওই রাতেই হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আসিফ হোসেন খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি গত রোববার উপাচার্যের কাছে এ প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হলের কক্ষ দখলের জন্য এক সপ্তাহ পরিকল্পনা ধরে করা হয় ও দফায় দফায় বৈঠক হয়। এর মূল নেতৃত্বে ছিলেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।
হলের প্রাধ্যক্ষের কার্যালয়ের জানালার কাচ ভাঙার ঘটনায় ইসলামিক শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোবাশ্বির হোসাইন খান ও দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. জর্জকে দায়ী করা হয়েছে এ প্রতিবেদনে। তাঁরা দুজনই ছাত্রলীগের কর্মী এবং অনাবাসিক ছাত্র। এ কাজে তাঁদের সহায়তা করেছেন আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের ছাত্র রাইব আহমেদ, ইসলামিক শিক্ষা বিভাগের মুহাম্মদ আবু ইউনুস, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের মো. আবু বকর সিদ্দিক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের রায়হান ইসলাম ও ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র কাজী তানভীর আহম্মেদ।
প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন ছাত্রলীগের কর্মীরা ওই হলের ৫০০৩ নম্বর কক্ষের বাসিন্দা সাংবাদিক ইমরান হোসেনের কক্ষে জোর করে ছাত্র তুলে দিতে গেলে তিনি এর প্রতিবাদ করেন। এর জের ধরে তাঁকে মারধর করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. শিপন মিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি শিক্ষা ইনস্টিটিউটের দেওয়ান সাবাব, ইসলামিক শিক্ষা বিভাগের মো. মোশারফ হোসেন, উর্দু বিভাগের সাইদুর রহমান, দর্শন বিভাগের জিহাদ, রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র ইমরান ও সমাজবিজ্ঞান বিভাগের শামীম।
প্রতিবেদনে অভিযুক্ত ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করা হলেও তাঁদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, সে বিষয়ে কোনো সুপারিশ করেনি তদন্ত কমিটি। এর কারণ জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভূইয়া বলেন, ‘তদন্ত কমিটি অপরাধীদের খুঁজে বের করে কার অপরাধের কী মাত্রা, সেটা নির্ধারণ করেছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’