ছাত্রলীগের দাবি বদরুল সংগঠনের কেউ না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে সংগঠনটি। তারা বলছে, এটি একান্তই বদরুল আলমের ব্যক্তিগত নৃশংসতা।

গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বদরুল আলমের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমানে কোনো ধরনের সম্পর্ক নেই। তিনি শিক্ষক হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলার আলহাজ আয়াজুর রহমান উচ্চবিদ্যালয়ে কর্মরত রয়েছেন। সাংগঠনিক নিয়মে, কর্মক্ষেত্রে যোগদানের সঙ্গে সঙ্গেই তাঁর সদস্যপদ বাতিল বলে গণ্য হয়।

তবে প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, বদরুল আলম এখনো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির সহসম্পাদক। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন বিভাগীয় প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামল।

এছাড়া ছাতক উপজেলার আলহাজ আয়াজুর রহমান উচ্চবিদ্যালয়ে খোঁজ নিলে এটির পরিচালনা কমিটির একটি সূত্র প্রথম আলোকে জানায়, বদরুল আলম সেখানে খণ্ডকালীন ভিত্তিকে শিক্ষকতা করছেন।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট এমসি কলেজে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড একান্তই বদরুল আলমের ব্যক্তিগত নৃশংসতা। তাঁর ব্যক্তিগত অপকর্মের দায়ভার কোনোভাবেই বাংলাদেশ ছাত্রলীগ নিতে পারে না।

বিজ্ঞপ্তিতে ছাত্রীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ব্যথিত উল্লেখ করে এ ঘটনার নিন্দা জানানো হয়। বদরুল আলমকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।