ছাত্রলীগের দুই কর্মী একে অন্যকে কোপালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী একে অপরকে কুপিয়ে আহত করেছেন। গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের দোতলায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়,  ছাত্রলীগের আহত দুই কর্মী হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র শরীফুল ইসলাম ও ফিন্যান্স বিভাগের ছাত্র শাহীনুর হায়দার। গুরুতর আহত শরীফুলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহীনুরকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, শরীফুলকে কুপিয়ে আহত করার অভিযোগে শাহীনুরকে আটক করা হয়েছে। শাহীনুরও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, কথা-কাটাকাটির জের ধরে দুই বন্ধু পরস্পরকে কুপিয়ে আহত করেছে। তাদের মধ্যে শরীফুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।