সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) অস্থিরতা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার ক্যাম্পাসে বহিষ্কৃত ছাত্রদের নিয়ে তৎপরতা চালানোর অভিযোগে সন্ধ্যায় প্রক্টোরিয়াল বডি জরুরি বৈঠক করে দুই শিক্ষার্থীকে ওই নোটিশ দেয়।
নোটিশ পাওয়া শিক্ষার্থীরা হলেন এলএলবি তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের সালমান আহমেদ চৌধুরী ও বিবিএ চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের আস্কর আলী। এ দুজন ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক তারেক উদ্দিন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে এক পক্ষের হাতে খুন হন বিবিএর শিক্ষার্থী কাজী হাবিবুর রহমান (২৪)। এ ঘটনায় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হোসাইন মো. সাগরসহ ১১ জনের নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় মামলা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের নেতা-কর্মী ওই ১১ জনসহ ১৫ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে। গত ১৬ ফেব্রুয়ারি বহিষ্কৃত ছাত্রদের পক্ষ নিয়ে ক্যাম্পাসে তৎপর শিক্ষকদের হুমকি দেওয়ায় আরও ১৪ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এঁরাও ছাত্রলীগের কর্মী। ২০০১ সালে নগরের বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠিত সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাসে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।