ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার নগরের কাশিপুর এলাকার ইছাকাঠী বহুমুখী সমিতির সামনে তাঁদের ওপর হামলা চালানো হয়।
আহত ব্যক্তিরা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কামরুজ্জামান লিখন ও ছাত্রলীগের কর্মী মো. রাজীব। এর মধ্যে কামরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় প্রথমে তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
আহত রাজীব জানান, গত রোববার দিবাগত রাতে নগরের কালীবাড়ি এলাকা থেকে তাঁরা দুজন মোটরসাইকেলে করে কাশিপুর এলাকায় নিজেদের বাড়ি যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা ছয়-সাতজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক বাবুল কুমার সাহা বলেন, কামরুজ্জামানের হাত ও পায়ের মাংসপেশি এবং শিরা কেটে গেছে। কোপের আঘাত হাড়েও লেগেছে। তাঁর মাথার পেছনের দিকেও আঘাত আছে।
মেট্রোপলিটন মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মতিয়ার রহমান বলেন, নিজেদের মধ্যে বিরোধের কারণেই ওই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।