ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রীরা। গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) আমি অভিযোগটি হাতে পেয়েছি। তবে অভিযোগ পড়ে মনে হয়েছে যৌন হয়রানির মতো কোনো ঘটনা ঘটেনি। রাস্তায় অন্ধকারে ছেলেটি সামনে এসে দাঁড়ানোয় তারা কিছুটা ভয় পেয়েছিল।’
অশালীন উক্তি ও অশালীন অঙ্গভঙ্গি যৌন হয়রানির মধ্যে পড়ে উল্লেখ করলে প্রক্টর বলেন, ‘আমি মেয়ে দুটিকে ডেকে কথা বলে বিস্তারিত শুনব। যদি সে রকম মনে হয়, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী ও ওই দুই ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা (দুই ছাত্রী) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের রাস্তা দিয়ে হলে ফিরছিলেন। এ সময় ছাত্রলীগের টেন্টের সামনে তাঁদের পথরোধ করেন ছাত্রসংগঠনটির দুজন কর্মী। এতে তাঁরা ভয়ে রাস্তার পাশে চলে যান। এ সময় ছাত্রলীগের ওই দুই কর্মী তাঁদের অশালীন উক্তি ও অঙ্গভঙ্গি করেন। এক ছাত্রী এর প্রতিবাদ করলে তারা তাঁর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন।
তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানালে তিনি একজন সহকারী প্রক্টর ও পুলিশকে ঘটনাস্থলে পাঠান। সহকারী প্রক্টর শিক্ষার্থীদের এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলেন। লিখিত অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই দুই ছাত্রী।
বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি মাহবুবা কানিজ বলেন, ‘ওই ছাত্রীরা অভিযোগ দেবে বলে আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ হাতে এলে আমরা তদন্ত শুরু করব।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ছাত্রী হয়রানির বিষয়টি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’