জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে জালিয়াতির অভিযোগে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা হলেন আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী নাজমুল হুদা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং সর্বশেষ ভর্তির প্রক্রিয়া চলাকালে জালিয়াতির অভিযোগে মোট ২১ জন আটক হন।
প্রক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ওই দিনই আটক হন মো. আল আমিন, মো. শাহরিয়ার কবির ও হাসিন ওয়াহিদুল। তাঁরা প্রত্যেকেই কলা ও মানবিকী অনুষদে মেধাতালিকায় স্থান পেয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, তাঁদের হয়ে অন্যরা ভর্তি পরীক্ষা দিয়েছেন।
ওই দিন রাতে প্রক্টরের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাসিন ওয়াহিদুল বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র নাজমুল হুদাকে সাড়ে চার লাখ টাকা দিয়েছেন তিনি। ১ ডিসেম্বর অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় তিনি এ টাকা জমা দেন। এ ক্ষেত্রে সহযোগিতা করেছেন আ ফ ম কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদ।
ভর্তি পরীক্ষার উত্তরপত্রে বাংলা ও ইংরেজিতে দুটি বাক্য লিখতে হয়। মেধাতালিকায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় একই বাক্য আবার লিখতে হয়। সেখান থেকে তাঁদের হাতের লেখা মিলিয়ে দেখা হয়। সে কারণে ভর্তি পরীক্ষার পর হাতের লেখা মেলানোর জন্য ওয়াহিদুলকে এ বিষয়ে চর্চা করান শরীফ। ফলে মৌখিক পরীক্ষায় তিনি ধরা পড়েননি, কিন্তু ভর্তি হতে এসে ধরা পড়েন। এসব তথ্যের ভিত্তিতে প্রক্টর কার্যালয় থেকে নাজমুল ও ওয়াহিদুলকে ডেকে পাঠানো হয়। প্রক্টর তপন কুমার সাহা বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে তাঁদের পরীক্ষা অন্যরা দিয়েছেন। এতে জড়িত থাকার অভিযোগে ওই দুজনসহ (ছাত্রলীগের নেতা-কর্মী) পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শরীফ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও নাজমুল সাধারণ সম্পাদক রাজিব আহমেদের অনুসারী। রাজিব আহমেদ বলেন, ‘নাজমুল জালিয়াতিতে জড়িত থাকলে তাঁর বিচার দাবি করছি। এ ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব।’ মাহমুদুর রহমানও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় শরীফকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিনুল কাদির বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে যে মামলা করেছে, সেই মামলার আসামি করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গত ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ২০ ও ২১ নভেম্বর জালিয়াতির অভিযোগে ১১ জন আটক হন। তাঁদের আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দের পর মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর মৌখিক পরীক্ষা চালাকালে আটক হন পাঁচজন। তবে এক রাজনৈতিক নেতার ছেলে হাসনাত হাসান শরিয়া পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়নি।
জানতে চাইলে সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, এবার ভর্তির প্রক্রিয়া বেশ ভালো চলছে। এ কারণে এতজন আটক হয়েছেন। ভর্তি হওয়ার পরও যদি কেউ ধরা পড়েন; তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।