ছাত্রলীগের দুই নেতা কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিভাগে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা–কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংগঠনের নেতা–কর্মীরা গতকাল মঙ্গলবার আইন বিভাগে তালা ঝুলিয়ে দেন।
ওই দুজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীবুল ইসলাম ও কর্মী সালাহউদ্দিন। তাঁরা আইন বিভাগের ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সংবাদমাধ্যমে সজীব ও সালাহউদ্দিনের অস্ত্রসহ ছবি প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উভয়কে গত ৮ সেপ্টেম্বর এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে। এরপর এ ব্যাপারে প্রতিবেদন চেয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে সজীব-সমর্থিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী আইন বিভাগের সভাপতির কক্ষ, বিভাগের শ্রেণিকক্ষ ও আইন অনুষদের ফটকে তালা ঝুলিয়ে ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় ওই বিভাগের শিক্ষার্থীরা বিভাগে ঢুকতে চাইলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।
এদিকে আজ বুধবার আইন বিভাগের স্নাতকোত্তর বর্ষের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এমন অবস্থায় পরীক্ষা হবে কি না, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রলীগ কর্মী ও আইন বিভাগের একজন ছাত্র বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই আমরা আন্দোলন করছি। এ দাবিতে আমরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।